দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বলিভিয়ায় একটি সামরিক ব্যারাকে বিস্ফোরণে অন্তত দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন দেশটির কর্মকর্তারা।
শুক্রবার স্থানীয় সময় বেলা ২টা ৩০ মিনিটের দিকে রাজধানী লা পাজ থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে ভিয়াচায় একটি আর্টিলারি রেজিমেন্টের অবস্থান করা ব্যারাকে এ বিস্ফোরণ ঘটে।
বলিভিয়ার প্রতিরক্ষামন্ত্রী এরনেস্তো জাস্তিনিয়ানো জানান, ব্যারাকে আতশবাজি বা পাইরোটেকনিক সামগ্রী বিস্ফোরিত হয়ে এ ঘটনা ঘটেছে। এতে অন্তত ৮১ জন আহত হয়েছেন। এ ছাড়া সাতজন এখনো নিখোঁজ রয়েছেন।
স্বাস্থ্য কর্মকর্তা রিতা নেব্রাস্কা স্থানীয় টেলিভিশনকে জানান, বিস্ফোরণে ১০ থেকে ১৫ জনের মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের প্রভাবে আশপাশের কয়েক ডজন বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংসস্তূপে উদ্ধারকাজ চালাচ্ছেন জরুরি বিভাগের কর্মীরা।
নেব্রাস্কা আরও জানান, সেখানে আবারও বিস্ফোরণের ঝুঁকি রয়েছে। এ কারণে সামরিক ঘাঁটি থেকে অন্তত ১৫০ মিটার দূরে অবস্থান করার জন্য সবাইকে সতর্ক করা হয়েছে।
বিস্ফোরণের ঘটনায় নিহত ও আহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বলিভিয়ার প্রেসিডেন্ট রদ্রিগো পাজ। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ঘটনার পুঙ্খানুপুঙ্খ, কারিগরি ও স্বচ্ছ তদন্তের আশ্বাস দিয়েছেন।
পুলিশের মুখপাত্র রজার রোকা বার্তা সংস্থা এএফপিকে বলেন, ব্যারাকে আতশবাজি সংরক্ষণ করে রাখা হয়েছিল। তবে বিস্ফোরণের সঠিক কারণ এখনো তদন্তাধীন।
ঘটনার পর ভিয়াচা কর্তৃপক্ষ তিন দিনের শোক ঘোষণা করেছে।
সূত্র: বিবিসি
এমএস/